হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী,
মজিদুল ইসলাম শাহ
সারসংক্ষেপ
রাজআত হজরত ইমাম মাহদী (আ.)-এর আবির্ভাবের প্রাক্কালে এবং কিয়ামতের পূর্বে সংঘটিত হবে। এটি কিয়ামতের দিনের সাধারণ পুনরুত্থান থেকে পৃথক; কারণ রাজআতের ক্ষেত্রে কেবল একদল খাঁটি মুমিন এবং কিছুসংখ্যক কাফির দুনিয়ায় ফিরে আসবে। কুরআনের আয়াত ও অসংখ্য রেওয়ায়েতের ভিত্তিতে এই আকীদা প্রতিষ্ঠিত, যেখানে রাজআতকে আবির্ভাবের নিদর্শন এবং বিশ্বব্যাপী ন্যায়বিচারের শাসন প্রতিষ্ঠার ভূমিকা হিসেবে বিবেচনা করা হয়েছে।
উত্তর
ভূমিকা
রাজআত বলতে একদল মুমিন এবং কিছুসংখ্যক কাফিরের এই দুনিয়ায় পুনরায় ফিরে আসাকে বোঝায়। এটি শিয়া মাযহাবের একটি নিশ্চিত ও সুপ্রতিষ্ঠিত আকীদা, যা হজরত ইমাম মাহদী (আ.)-এর আবির্ভাবের প্রাক্কালে সংঘটিত হবে।
এই বিশ্বাস কুরআনের আয়াত এবং ইমামগণের (আ.) অসংখ্য রেওয়ায়েতের ভিত্তিতে গড়ে উঠেছে এবং শিয়া মাজহাবের বিশিষ্ট আলেমগণও এর ওপর গুরুত্বারোপ করেছেন। তবে এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো-রাজআত ঠিক কখন সংঘটিত হবে? রাজআত কি কিয়ামতের দিন সংঘটিত হবে, নাকি তার পূর্বে এবং ইমাম মাহদী (আ.)-এর আবির্ভাবের যুগে সংঘটিত হবে?
এই উত্তরে কুরআনের আয়াত, রেওয়ায়েত এবং মুফাসসিরদের মতামতের ভিত্তিতে এ প্রশ্নের উত্তর প্রদান করা হবে।
১. কুরআনের দৃষ্টিতে রাজআতের সময়
পবিত্র কুরআন ইমাম মাহদী (আ.)-এর আবির্ভাবের সময়ে রাজআত সংঘটিত হওয়ার প্রতি ইঙ্গিত করে। এ বিষয়ে যে আয়াতটি অন্যতম গুরুত্বপূর্ণ দলিল হিসেবে উপস্থাপিত হয়েছে, তা হলো সূরা নামলের ৮৩ নম্বর আয়াত:
﴿وَيَوْمَ نَحْشُرُ مِن كُلِّ أُمَّةٍ فَوْجًا مِّمَّن يُكَذِّبُ بِآيَاتِنَا فَهُمْ يُوزَعُونَ﴾
“আর সেই দিনকে স্মরণ করুন, যেদিন আমি প্রত্যেক উম্মত থেকে এমন একদল লোককে সমবেত করব, যারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করত; অতঃপর তাদেরকে আটকে রাখা হবে।”
১.১ আয়াতটির রাজআতের প্রতি নির্দেশনা
এই আয়াতে আল্লাহ তাআলা প্রত্যেক উম্মত থেকে একদলকে সমবেত করার কথা বলেছেন, সকলকে নয়।
এই বক্তব্য থেকে বোঝা যায় যে, এই সমবেত হওয়া কিয়ামতের দিনের সাধারণ পুনরুত্থান থেকে পৃথক। কারণ কিয়ামতের দিন সকল মানুষকে পুনরুত্থিত করা হবে। যেমন সূরা কাহফের ৪৭ নম্বর আয়াতে বলা হয়েছে:
﴿وَحَشَرْنَاهُمْ فَلَمْ نُغَادِرْ مِنْهُمْ أَحَدًا﴾
“আর আমি তাদের সবাইকে সমবেত করব এবং তাদের কাউকেই বাদ দেব না।”
অতএব, সূরা নামলের ৮৩ নম্বর আয়াত একটি বিশেষ শ্রেণির মানুষের সমবেত হওয়ার কথা উল্লেখ করছে, যা কিয়ামতের সাধারণ পুনরুত্থান থেকে ভিন্ন এবং ইমাম মাহদী (আ.)-এর আবির্ভাবের সময়ে সংঘটিত রাজআত হিসেবে ব্যাখ্যা করা হয়েছে।[১]
১.২ আয়াতসমূহের পারস্পরিক সামঞ্জস্য
আরেকটি বিষয় হলো, এই আয়াতটির পূর্ববর্তী ও পরবর্তী আয়াতগুলোর সঙ্গে এর সামঞ্জস্য। এর আগের ও পরের আয়াতগুলো কিয়ামতের পূর্ববর্তী ঘটনাবলির প্রতি ইঙ্গিত করে, স্বয়ং কিয়ামতের ঘটনার প্রতি নয়।
এ কারণে মুফাসসিরগণ মনে করেছেন যে, সূরা নামলের ৮৩ নম্বর আয়াতও কিয়ামতের পূর্বে সংঘটিত কোনো একটি ঘটনা-অর্থাৎ রাজআতের-প্রতি ইঙ্গিত করে।[২]
২. আবির্ভাবের সময়ে রাজআত সংঘটিত হওয়ার পক্ষে রেওয়ায়েতসমূহ
ইমামগণের (আ.) কাছ থেকে এমন অসংখ্য রেওয়ায়েত রয়েছে, যেগুলো ইমাম মাহদী (আ.)-এর আবির্ভাবের প্রাক্কালে রাজআত সংঘটিত হওয়ার প্রতি নির্দেশ করে।
এর মধ্যে ইমাম সাদিক (আ.)-এর একটি রেওয়ায়েত উল্লেখযোগ্য। সূরা নামলের ৮৩ নম্বর আয়াতের তাফসির সম্পর্কে তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল-এই আয়াতটি কি কিয়ামতের সঙ্গে সম্পর্কিত?
তিনি বলেন:
“আল্লাহ কি কিয়ামতের দিন প্রত্যেক উম্মত থেকে একদলকে পুনরুত্থিত করবেন এবং বাকিদের ছেড়ে দেবেন?! না! এটি রাজআতের সময়ের ঘটনা। আর কিয়ামতের সঙ্গে সম্পর্কিত আয়াত হলো:
﴿وَحَشَرْنَاهُمْ فَلَمْ نُغَادِرْ مِنْهُمْ أَحَدًا﴾”
[৩]
এই রেওয়ায়েতটি স্পষ্টভাবে নির্দেশ করে যে, রাজআত কিয়ামতের পূর্বে এবং হজরত ইমাম মাহদী (আ.)-এর আবির্ভাবের যুগে সংঘটিত হবে এবং সে সময় একদল মানুষকে পুনরায় সমবেত করা হবে।
৩. শিয়া আলেমদের বক্তব্যে রাজআতের সময়
শিয়া মাযহাবের বিশিষ্ট আলেমগণ কুরআনের আয়াত ও রেওয়ায়েতের ভিত্তিতে রাজআতের সময়কে ইমাম মাহদী (আ.)-এর আবির্ভাবের সময় হিসেবে উল্লেখ করেছেন।
মরহুম তাবারসি মাজমাউল বায়ান তাফসিরে অসংখ্য রেওয়ায়েতের ভিত্তিতে বলেন যে, হজরত ইমাম মাহদী (আ.)-এর আবির্ভাবের সময় রাজআত সংঘটিত হবে এবং একদল মুমিন ও কাফির দুনিয়ায় ফিরে আসবে। এর ফলে মুমিনরা সত্যের চূড়ান্ত বিজয় প্রত্যক্ষ করবে এবং কাফিররা তাদের কৃতকর্মের শাস্তি দেখতে পাবে।[৪]
এছাড়া আল্লামা তাবাতাবাঈ আল-মিজান তাফসিরে সূরা নামলের ৮৩ নম্বর আয়াতের আলোচনা করতে গিয়ে জোর দিয়ে বলেন যে, এই আয়াত কিয়ামতের দিন ছাড়া অন্য এক সময়ে একদল মানুষের সমবেত হওয়ার প্রতি ইঙ্গিত করে এবং তিনি এটিকে রাজআতের সঙ্গে প্রয়োগ করেছেন।[৫]
শাইখ মুফিদও তাঁর আওয়াইলুল মাকালাত গ্রন্থে ইমামিয়া শিয়াদের ঐকমত্যের কথা উল্লেখ করে বলেন যে, ইমাম মাহদী (আ.)-এর আবির্ভাবের সময়ে রাজআত সংঘটিত হবে এবং একদল মৃত মানুষ পুনরায় জীবিত হয়ে ফিরে আসবে।[৬]
৪. রাজআত ও কিয়ামতের মধ্যে পার্থক্য
রাজআত ও কিয়ামতের মধ্যে কয়েকটি মৌলিক পার্থক্য রয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো:
১. ব্যাপকতা: কিয়ামতের দিন সকল মানুষকে পুনরুত্থিত করা হবে। পক্ষান্তরে রাজআতে কেবল নির্দিষ্ট একদল মুমিন ও কাফির দুনিয়ায় ফিরে আসবে।[৭]
২. সময়: কিয়ামত হলো পৃথিবী ও বর্তমান জগতের সমাপ্তি এবং পরকালীন জগতের সূচনা। পক্ষান্তরে রাজআত কিয়ামতের পূর্বে এবং ইমাম মাহদী (আ.)-এর আবির্ভাবের যুগে সংঘটিত হবে।
৩. উদ্দেশ্য: রাজআতের উদ্দেশ্য হলো মুমিনদের ইমাম মাহদী (আ.)-এর ন্যায়ভিত্তিক শাসনের সুফল ভোগ করার সুযোগ দেওয়া এবং তাঁর শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ। পক্ষান্তরে কিয়ামত হলো মানুষের আমলের চূড়ান্ত হিসাব-নিকাশ ও প্রতিদানের দিন।
উপসংহার
কুরআনের আয়াত, মাসুম ইমামগণের (আ.) রেওয়ায়েত এবং শিয়া মাযহাবের বিশিষ্ট আলেমদের বক্তব্যের ভিত্তিতে বলা যায় যে, রাজআত হজরত ইমাম মাহদী (আ.)-এর আবির্ভাবের সময়ে এবং কিয়ামতের পূর্বে সংঘটিত হবে।
সূরা নামলের ৮৩ নম্বর আয়াত-যেখানে প্রত্যেক উম্মত থেকে একদলকে সমবেত করার কথা বলা হয়েছে-কিয়ামতের দিনের সাধারণ পুনরুত্থান থেকে পৃথক এবং তা আবির্ভাবের প্রাক্কালে রজআতের প্রতি নির্দেশ করে।
এছাড়া ইমামগণের (আ.) অসংখ্য রেওয়ায়েত, বিশেষত ইমাম সাদিক (আ.)-এর রেওয়ায়েত, এ বিষয়টি সুস্পষ্টভাবে সমর্থন করে।
অতএব, রাজআত হলো ইমাম মাহদী (আ.)-এর আবির্ভাবের অন্যতম নিদর্শন এবং কিয়ামতের পূর্বে সংঘটিত একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এতে খাঁটি মুমিনদের একটি দল এবং কিছুসংখ্যক কাফির দুনিয়ায় ফিরে আসবে, যাতে মুমিনরা আল্লাহর প্রতিশ্রুত ন্যায়ভিত্তিক শাসনের বাস্তবায়ন প্রত্যক্ষ করতে পারে।
এই বিশ্বাস শিয়া আকীদার অন্যতম মৌলিক বিষয়, যা বর্ণনাগত ও বুদ্ধিবৃত্তিক শক্তিশালী দলিলের মাধ্যমে প্রমাণযোগ্য এবং মুমিনদের একটি উজ্জ্বল ভবিষ্যতের প্রতি আশা ও প্রত্যয়কে আরও দৃঢ় করে।
তথ্যসূত্র
[১] আল-মিজান, খণ্ড ১৫, পৃষ্ঠা ৩৯৭; তাফসিরে নমুনা, খণ্ড ১৫, পৃষ্ঠা ৫৪৯।
[২] তাফসিরে নমুনা, খণ্ড ১৫, পৃষ্ঠা ৫৪৯।
[৩] বিহারুল আনওয়ার, খণ্ড ৫৩, পৃষ্ঠা ৫১।
[৪] মাজমাউল বায়ান, খণ্ড ৭, পৃষ্ঠা ৩৬৭।
[৫] আল-মিজান, খণ্ড ১৫, পৃষ্ঠা ৩৯৭।
[৬] আওয়াইলুল মাকালাত, পৃষ্ঠা ৮৯।
[৭] সূরা কাহফ, আয়াত ৪৭।
আপনার কমেন্ট